Dhaka Mail Logo

জাতীয়

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিদ্যুৎমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম

ঠান্ডা ও ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

বর্তমানে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এ অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিকের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, ঠান্ডা ও ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে ইকবাল হাসান মাহমুদ বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মন্ত্রী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

জানা গেছে, চার-পাঁচ দিন ধরে জ্বর, ঠাণ্ডা ও কাশিতে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বুধবার সকালে হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে টুকুর চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

বিএনপির মিডিয়া সেল বুধবার এক পোস্টে রাষ্ট্রপতির হাসপাতালে যাওয়ার বিষয়টি জানায়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

এমআর/এআরএম