Dhaka Mail Logo

জাতীয়

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। বেসরকারি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আর্থিক ও পেশাগত সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

নতুন পে-স্কেল ও মূল্যস্ফীতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, নতুন বেতন কাঠামোর কারণে বিপুলসংখ্যক মানুষের আয় বাড়লে মূল্যস্ফীতির ওপর কিছুটা চাপ তৈরি হতে পারে। তবে নতুন পে-স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয়।

দীর্ঘদিন নতুন বেতন স্কেল না হওয়ায় অনেক সরকারি কর্মচারীর নিয়মিত ইনক্রিমেন্টের মাধ্যমে বর্তমান বেতন নতুন স্কেলের কাছাকাছি চলে গেছে বলেও জানান তিনি। ফলে নতুন স্কেল কার্যকর হলে অনেকের বেতন প্রত্যাশিত হারে বাড়বে না।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ও সরকার বিভিন্ন পদক্ষেপ নেবে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, মূল্যস্ফীতির কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সামাজিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বছরের শেষ নাগাদ ৪০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। এ কর্মসূচির মাধ্যমে প্রায় দুই কোটি মানুষ সহায়তার আওতায় আসবে বলে জানান তিনি।

বেসরকারি সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সাংবাদিকদের বিষয়টি একটি বাস্তব সমস্যা। ইলেকট্রনিক মিডিয়াসহ সাংবাদিকদের বিভিন্ন সংকট নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, অষ্টম ওয়েজ বোর্ডের পর নবম ওয়েজ বোর্ড নিয়ে আলোচনা হলেও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে দাবি থাকা দশম ওয়েজ বোর্ডও বাস্তবায়ন করা প্রয়োজন।

জবাবে উপদেষ্টা বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে নীতিগতভাবে একমত। নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, একসঙ্গে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে না পারলে ভালো সাংবাদিকতা পাওয়া যাবে না। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও জীবিকার বিষয়টি নিশ্চিত করতে সরকার দ্রুত কাজ করবে।

এএইচ/এআরএম