Dhaka Mail Logo

জাতীয়

ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার সময় ছিনতাই, পিস্তলসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ০৩:৪০ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাই এর শিকার হয়েছেন এক ব্যক্তি। পরে তার চিৎকারে স্থানীয়দের সহায়তায় পিস্তলসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়। তাকে আটকের পর পুলিশ অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

‎সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে।

‎আটক ব্যক্তির নাম তানভীর আবেদীন জুয়েল। তবে, তার সঙ্গে আটক হওয়া বাকি দুজনের নাম জানাতে পারেনি পুলিশ।

‎৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ নম্বরে একজন কলার ফোন করে জানান, এক ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

‎পরে ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ছুটতে থাকেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়লে স্থানীয় লোকজন তাকে পিস্তলসহ আটক করেন।

‎খবর পেয়ে ৯৯৯-এ তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম বার্তাপ্রেরক ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

‎পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল নামে এক ছিনতাইকারীকে আটক করে।

‎আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধানমন্ডি থানার আরও কয়েকটি টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথ অভিযান চালিয়ে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুজনকে আটক করেছে।

‎এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা অনুসন্ধানে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

‎একেএস/এফএ