Dhaka Mail Logo

জাতীয়

‘চুরি, অনিয়ম বন্ধ করা গেলে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধান হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ১০:২০ এএম

রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চুরি, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটের সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণখান পূর্ব থানার বিদুরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় সাত দিনের পরিচ্ছন্নতা-পরিস্কার অভিযান কর্মসূচির শেষ দিনে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে চুরি, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটেরও সমাধান করা সম্ভব হবে। জনগণের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, প্রশাসনে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও সে অনুযায়ী বাস্তবে কাজ হচ্ছে না। ‘আমাদের প্রশাসন অনেকটা নামে মাত্র প্রশাসনে পরিণত হয়েছে। প্রশাসনের জনবল আছে, প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামও আছে; কিন্তু বাস্তবে সেই অনুযায়ী কাজ হচ্ছে না।’

পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে তিনি বলেন, দক্ষিণখানের বিদুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার বিশাল স্তূপ ছিল। জামায়াতের কর্মীরা সেই ময়লার স্তূপ পরিষ্কার করে জায়গাটি সুন্দর করার পাশাপাশি ফুটপাত চলাচলের উপযোগী করেছেন।

সিটি করপোরেশনের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশনকে কাল ও পরশু সময় দিচ্ছি। তারা এদিকে থাকা ময়লার স্তূপগুলো দ্রুত সরিয়ে নেবে। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদের পবিত্রতা ও মুসল্লিদের চলাচলের বিষয়টি বিবেচনা করে ময়লাগুলো অপসারণ করা অত্যন্ত জরুরি।’

প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিজেদের লোকজন দিয়ে ওই এলাকা পরিষ্কার করার কথাও জানান তিনি। 

সেলিম উদ্দিন বলেন, ‘প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে আমাদের লোকেরাই এটি পরিষ্কার করবে। তারা যদি আবারও ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে আমরা যেভাবে পুরো সিটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি, সেভাবেই এই জায়গাটিও পরিষ্কার করব।’

তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযান কাউকে দেখানোর জন্য নয়, বরং মানবিকতা ও নৈতিকতার জায়গা থেকে করা হয়েছে। ‘আমরা আমাদের ঈমানি দায়িত্ববোধ থেকেই এই কাজ করেছি। তাই ভালো কাজকে ভালো বলতে হবে। সরকারের কোনো ভালো কাজ থাকলে আমরা সেটাকেও স্বাগত জানাই।’

বর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনার কথা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, বর্জ্যকে শুধু ময়লা হিসেবে না দেখে পুনর্ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য তৈরি করা সম্ভব। কিন্তু প্রশাসন এখনো এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারছে না।

তিনি বলেন, ‘আমরা শিগগিরই বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে কলম তৈরি করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করব। এর মাধ্যমে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনার নতুন দৃষ্টান্ত তৈরি হবে, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা তৈরি হবে।’

ঢাকায় কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশে চাকরির সুযোগ না থাকায় তরুণদের বিদেশে যেতে হবে—এমন বাংলাদেশ তারা চান না। ঢাকার মধ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্যবস্থা করার কথা জানান তিনি।

ab421be2-01fc-493f-9af2-3ec31690d020

সেলিম উদ্দিন বলেন, ‘আমরা ঢাকাবাসীকে বলতে চাই—আমাদের দায়িত্ব দিয়ে দেখুন, আমরা আপনাদের জন্য কী করতে পারি। আমরা এই নগরীকে বদলাতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে, ঐক্যবদ্ধভাবে ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক ও মডেল সিটিতে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে দেশকে একটি মডেল দেশে পরিণত করা সম্ভব। ‘আমাদের শহর আমরাই গড়ব—ঢাকা উত্তর বদলে দেব’—এই স্লোগানকে ধারণ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল সিটিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব ও পশ্চিম জোন পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. জামাল উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. হাবিবুর রহমান, দক্ষিণখান পূর্ব থানা আমির মো. আবু সাঈদ, দক্ষিণখান পূর্ব থানার সেক্রেটারি ডা. জাকিরুল ইসলাম এবং দক্ষিণখান পূর্ব থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ।

টিএই/এআরএম