নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম
রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে এমন ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় ওই ব্যবসায়ী থেকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকাল পৌনে ১০ টায় উত্তরা ১১ নং সেক্টর সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন ১১ নং সেক্টরস্থ অফিস থেকে রিক্সায় করে জনতা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিল।
ঘটনাস্থলে পৌঁছানোর পর এক ব্যক্তি রিক্সা থামানোর জন্য সংকেত দেয়। রিক্সা থামানোর পর আরো ৩ জন আসে। এরপর একজন পিস্তল ঠেকিয়ে নিজেতে পিস্তল বাবু পরিচয় দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ডেভেলপারস কোম্পানির এমডি মো. মনির হোসেন বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরে জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিব।
একেএস/এআরএম