Dhaka Mail Logo

জাতীয়

ফায়ার সার্ভিস ও আরাব-এর যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

দুর্যোগকালীন দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আরাব)-এর যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সম্পন্ন হয়েছে। দেশব্যাপী এই এক্সারসাইজ ২৩ আগস্ট থেকে শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়েছে। 

এর আগে রোববার সকালে এক্সারসাইজের উদ্বোধন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অধিদফতরের উপপরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, আরাব -এর সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও আরাব-এর কর্মকর্তাবৃন্দ।‌

ফায়ার সার্ভিসের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে থেকে কীভাবে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করে অপারেশনাল কার্যক্রম সচল রাখবেন মূলত তারই অনুশীলন হলো এটি। ৮ বিভাগের মোট ১৬টি স্থানে বিভিন্ন দুর্যোগ যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসে উদ্ধার কার্যক্রম অনুশীলনের আয়োজন করা হয়।

Rescue1

একইসঙ্গে ফায়ার সার্ভিসের অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পারস্পরিক সমন্বয় ও দুর্যোগে একত্রে কাজ করার প্রক্রিয়া সহজ হয়েছে। অনুশীলনের ২য় দিন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মিরপুরে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

মঙ্গলবার সকালে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, এক্সারসাইজ-এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বেলা ৩টায় অনুশীলন কার্যক্রমের সমাপ্তি হয়।

ফায়ার সার্ভিসের ইওসি, মিরপুর থেকে পরিচালক (অপারেশন ও মেইন্টেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সব বিভাগের ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও আরাব প্রতিনিধিদের সঙ্গে বেতার যোগাযোগ স্থাপন করেন এবং জুম মিটিং-এর মাধ্যমে সার্বিক অনুশীলন কার্যক্রমের মূল্যায়ন ও সমাপ্তি ঘোষণা করেন।

এমআইকে/এফএ