Dhaka Mail Logo

জাতীয়

ঢামেকে অসুস্থ হাজতির মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ কালাম শেখ (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ হওয়ায় সোমবার তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত কালাম শেখ কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন। তিনি রাজবাড়ি জেলার বাজিতপুর এলাকার মৃত গেন্দু শেখের ছেলে।   

সেই হাজতিকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সদস্য আমিনুল ইসলাম জানান, সোমবার রাতে কেন্দ্রীয় কারাগারে ওই হাজতি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বরে ওয়ার্ডে নেওয়া হয়। মঙ্গলবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কোন মামলায় তিনি কারাবন্দী ছিলেন তা জানাতে পারেননি তিনি।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। পাশাপাশি বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআইকে/এআরএম