মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সংসদের তৃতীয় অধিবেশন: যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

সংসদের তৃতীয় অধিবেশন: যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
জাতীয় সংসদ/ সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর সংসদ ভবন ও আশপাশের এলাকায় এমন ধরনের  কর্মসূচি পালন না করতে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আগামীকাল বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরকসহ ক্ষতিকর ও দূষণীয় দ্রব্য বহন না করার জন্যও বলা হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়।

যেসব সড়ক নিষেধাজ্ঞার আওতায় থাকবে
 
ডিএমপি জানিয়েছে, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং এলাকা পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এ ছাড়াও বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত রয়েছে।

মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর (পুরোনো ২৭ নম্বর) সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাতেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি, পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা এর আওতায় থাকবে।

জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লেখিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এমআইকে/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর