জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২-এর নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া (ফেক) ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে কাকন রানা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা করা হয়। মামলাটির তদন্তভার গ্রহণ করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাকন রানাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কর্মকাণ্ডে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া, তার ব্যবহৃত মোবাইল ডিভাইসে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায়।
সাইবার পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এএম