রাজধানী বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের একটি বাসায় ডাকাতির চেষ্টা করা হচ্ছে- এমন খবর পেয়ে দ্রুত ছুটে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডাকাতদের ধরতে তারা বাসাটি ঘিরে ফেলেন। কিন্তু দেখা যায় সেই বাসায় ডাকাতির কোনো চেষ্টাই হয়নি। পরে তথ্যদাতাকেই আটক করা হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে এমন ঘটনা ঘটে।
ডিবির একটি সূত্র জানিয়েছে, এক ব্যক্তির দেওয়া ডাকাতির চেষ্টার তথ্য পেয়ে বাসাটির ঘিরে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান প্রায় অর্ধশত পুলিশ সদস্যও। তারা অভিযানের স্বার্থে রাস্তার দুই পাশ বন্ধ করে দেন। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুধু তাই নয়, ডাকাতরা যাতে পালাতে না পারে সেজন্য গলির মুখে বালুভর্তি ট্রাক দিয়েও আটকে রাখা হয়। কিন্তু তারা বাসাটির ভেতর ঢুকে লোকজনের সাথে কথা বলে কোনো তথ্য পাননি। শেষ পর্যন্ত যে ব্যক্তির দেওয়া তথ্য দিয়েছিলেন তাকেই সন্দেহভাজন হিসেবে আটক করে নিয়ে আসেন তারা।
ডিবি বলছে, তথ্যদাতা নিজেও একজন সন্দেহভাজন ডাকাত। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাত-আটটি ডাকাতির মামলা রয়েছে। তবে সেই কেন এমন তথ্য দিলেন তা যাচাই বাছাই এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে সেই ব্যক্তিকে ডিবি হেফাজতে নিয়েছেন তারা।
এ বিষয়ে ডিবির মতিঝিল বিভাগের এডিসি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ‘এক ব্যক্তি ডাকাতির যে তথ্য দিয়েছিলেন তা সত্য নয়। তবে তার দেওয়া তথ্যে অভিযান চালিয়েছিলেন তারা৷ কিন্তু দেখা যায়, ডাকাতি চেষ্টার কোনো তথ্য মিলছে না। পরে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। ’
এমআইকে/এএম




