নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম
নাগরিকদের চলাচল সহজ করা ও নগরীর সৌন্দর্যবর্ধনে বিভিন্ন প্রধান সড়কে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের খামারবাড়ি গোলচত্বর এলাকায় ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্থাপিত স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা নগরীকে আলোকিত ও আধুনিক করে গড়ে তোলার নির্দেশনা রয়েছে। এর অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ডেকোরেটিভ পোল স্থাপনের এ প্রকল্প নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি স্থাপিত লাইট ও অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি করপোরেশন পালন করবে। তবে নগরীর সৌন্দর্য ও এসব স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘নির্বাচনি অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা শহরকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএইচ/এএম