নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম
দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদ ও দুর্গা পূজার উৎসব ছাড়াও প্রায়ই টানা তিন-চার দিন ছুটি কাটানোর সুযোগ পান। সামনে আরও একবার আসছে চার দিন ছুটি কাটানোর সুযোগ।
গত ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডশেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৬ আগস্ট (বুধবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এদিন সরকারি ছুটি থাকবে।
ফলে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস থেকে একদিন নৈমিত্তিক ছুটি নেন, তাহলে পরের দুই দিন শুক্রবার ও শনিবার (২৮ ও ২৯ আগস্ট) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটাতে পারবেন তিনি।
আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা
একই সুযোগ রয়েছে ব্যাংক-বিমাসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও, যারা দুই দিন (শুক্র-শনি) করে সাপ্তাহিক ছুটি ভোগ করেন। একদিন নৈমিত্তিক ছুটি নিয়ে টানা চার দিন ছুটি কাটাতে পারবেন তারাও।
তবে অনেকে আবার ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবীর একদিনের ছুটিও ভোগ করতে পারবেন না।
ইসলামিক ফাউন্ডশেনের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী- স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিতরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্যও এই ছুটি প্রযোজ্য হয় না।
আরও পড়ুন: আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও দায়িত্বে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
এসব প্রতিষ্ঠানের বাইরে ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালত খোলা বা বন্ধ থাকবে কি না, তা নির্ধারণ করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এর আগে চলতি মাসের প্রথম দিকেও সরকারি চাকুরেদের সামনে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ ছিল। গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সরকারি ছুটি ছিল।
সেদিন ছিল বুধবার। ফলে পরের দিন (বৃহস্পতিবার) যারা একদিন নৈমিত্তিক ছুটি নিয়েছিলেন, তার সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা টানা চার দিন ছুটি ভোগ করেছেন।
এএইচ