নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬, ০৫:৩৬ পিএম
চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
শুক্রবার (২১ আগস্ট) অধিদফতরের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়েছে।
এর আগে ২০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চিকিৎসক নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকের ওপর সংঘটিত এই হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।
চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতর পক্ষ থেকে যা যা করণীয়, তা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, দায়িত্ব পালনকালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে চিকিৎসকদের ন্যায়সংগত দাবি ও প্রতিবাদের প্রতি সম্মান রেখে, রোগীদের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়-এ বিষয়েও সকলের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
এসএইচ/এমআই