নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৬, ০৭:৩১ এএম
২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।
সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের প্রার্থী ও এলডিপি সভাপতি অলি আহমদ।
ভোটগ্রহণের শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরা ভোট দেন।
টানা তিন ঘণ্টা ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট নেওয়া শেষ হয়। এরপর প্রায় ২০ মিনিট ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অব্যবহৃত থাকে ৬টি ব্যালট। এছাড়া বিভিন্ন ত্রুটির কারণে আইনি প্রক্রিয়া মেনে চারটি ব্যালট প্রতিস্থাপন করা হয়।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত ভোটের ফলেও তারই প্রতিফলন ঘটেছে।
ফল ঘোষণা শেষে সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরাও একে একে তাকে অভিনন্দন জানান।
পরে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এক সরকারি গেজেটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।
এআরএম