Dhaka Mail Logo

জাতীয়

আনুষ্ঠানিকতা শুরু রাষ্ট্রপতি নির্বাচনের

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা নাগাদ জাতীয় সংসদে এই নির্বাচনের কার্যক্রম শুরু হয়। সংসদ সদস্যরা বিকেল ৫টা পর্যন্ত এখানে ভোট দেবেন।

এর আগে, সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এখন সংসদের অধিবেশন চলছে না। তাই ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের আলাদা বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনা করছেন নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনের ভোট শেষে বৃহস্পতিবারই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে এবং শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন সিইসি।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়ান। কিন্তু সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফলে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যভার নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

যেহেতু তিনিই বর্তমান স্পিকার, কাজেই সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য তাকেই যথাযথ কর্তৃপক্ষ বলে উল্লেখ করেছে আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি নির্বাচনে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অলি আহমদ। অবশ্য জাতীয় সংসদের সদস্যদের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলই নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।


এফএ