নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ হবে। তবে ভোটগ্রহণকালে সংসদ অধিবেশন কক্ষে কোনো প্রচার চালানো যাবে না বলে জানিয়েছেন ‘নির্বাচনি কর্তা’ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ভোটগ্রহণকালে সংসদ অধিবেশনে কক্ষে ভোটের প্রচার-প্রচারণা করা যাবে না। তবে সংসদ ভবনের বাইরে প্রচারণার বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইনে প্রচার-প্রচারণা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়ায় এ বিষয়ে সংসদ ও নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা সীমিত। তারপরও সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই।
তিনি আরও বলেন, সব অংশীজনের সহযোগিতা পাওয়া যাচ্ছে এবং নির্বাচন কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে আত্মবিশ্বাসী।
দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় ঐতিহাসিক নির্বাচন হিসেবে উল্লেখ করেন সিইসি।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষাপটে এবারের নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে।
২৪ জুলাই ২২-তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
এই নির্বাচনে প্রার্থী হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে, সংসদদের বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ।
এমএইচএইচ/এএম