Dhaka Mail Logo

জাতীয়

বাড়ল জনপ্রশাসন সচিবের মেয়াদও

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

মন্ত্রিপরিষদ সচিবের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। ফলে তিনি আরও এক বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. এহছানুল হককে আগের চুক্তির ধারাবাহিকতায় আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের ১২ অক্টোবর তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান।

মো. এহছানুল হক ১৯৮২ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন নিয়োগ

কর্মজীবনে তিনি অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর/প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এহছানুল হক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জেবি