জনপ্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম বা ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এতে আরও বলা হয়, সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের যোগদানপত্র সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল: [email protected]) দাখিল করতে পারবেন।
আরও পড়ুন
১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন নিয়োগ
পিএসসিতে আরও ৪ সদস্য নিয়োগ, সদস্য সংখ্যা বেড়ে ২০
বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের ১৫ জন কর্মকর্তাকে দেওয়া পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবেন। আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত (আপগ্রেডেড) পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে এ পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবংএন্টারটেইনমেন্ট এলোয়েমসের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/ বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।
উপসচিবদের তালিকা দেখতে এখানে এবং এখানে ক্লিক করুন।
বিইউ/জেবি




