Dhaka Mail Logo

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে ২ মনোনয়নপত্র কেন

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০২৬, ০২:২২ এএম

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের নামে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর নিজ কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা পড়ার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, বিষয়টি এখনই ইসির বিবেচনার বিষয় নয়। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রথম মনোনয়নপত্র বাতিল হলে পরবর্তী মনোনয়নপত্রটি যাচাই করা হবে।

তবে কেন দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ দলীয় ঐক্য থেকে কর্নেল (অব.) অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোনো কারণে একটিতে তথ্যগত ভুল থাকলে যাতে অন্যটি কাজে লাগে, সে জন্য এমনটি করা হয়েছে। এটি সব নির্বাচনেই হয়ে থাকে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তাঁরা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন।

গত ২৪ জুলাই বিকেল চারটার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।

সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে ইসি। এর ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল চারটা।

একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও জামায়াত জোট আলাদা প্রার্থী দিয়েছে। ফলে একাধিক মনোনয়নপত্র বৈধ হলে দীর্ঘ ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।

এআর