Dhaka Mail Logo

জাতীয়

ঢাকার ৪১৬ বছর উদযাপনে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ উৎসব

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

ঢাকার ৪১৬ বছর পূর্তি এবং ঐতিহাসিক ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষ্যে চলছে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক বর্ণাঢ্য উৎসব। ১লা আগস্ট থেকে শুরু হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজিত এই উৎসব চলছে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। নাগরিকদের মধ্যে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আবেগ, মমত্ববোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে উৎসবকে ঘিরে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা এমন একটি শহর যেখানে কেউ জন্মসূত্রে, কেউ শিক্ষার জন্য, আবার কেউ জীবিকার প্রয়োজনে বসবাস করেন। কিন্তু এই শহর সবার আশ্রয়স্থল হলেও এর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নাগরিকদের দৃঢ় সম্পর্ক গড়ে ওঠেনি। ফলে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা ও পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নাগরিক দায়িত্ববোধ প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, ঢাকার অতীত ও ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরে ‘আপন শহর’ হিসেবে অনুভব করার পরিবেশ তৈরি করাই এ উৎসবের মূল লক্ষ্য। এই আয়োজন শুধু বিনোদনের নয়, বরং নাগরিক সচেতনতা ও নগর সংস্কৃতির একটি সামাজিক আন্দোলন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়েছিল। পরে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক নগর প্রশাসনের সূচনা হয়। সেই ঐতিহাসিক দিনটিকেই ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান থেকে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব রাজধানী গড়ে তোলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে ডিএসসিসি দেশের সর্বস্তরের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের মাসব্যাপী এ উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানায়।

নানা আয়োজন

ডিএসসিসি জানিয়েছে, উৎসব উপলক্ষ্যে ক্রীড়া, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও নাগরিক সম্পৃক্ততাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

এরমধ্যে ১৪ আগস্ট ভোরে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’ ঢাকা গেট থেকে শুরু হয়ে নগর ভবনে গিয়ে শেষ হবে। ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে ‘ঢাকা হেরিটেজ রান’, যা মতিঝিলের শাপলা চত্বর থেকে বুড়িগঙ্গা মঞ্চ (সোয়ারীঘাট) পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে ঢাকাকে কেন্দ্র করে নাট্যোৎসব হবে। ২১ আগস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং সদরঘাট থেকে শতবর্ষী হেরিটেজ ক্রুজে পর্যটকদের জন্য বিশেষ ভ্রমণের আয়োজন থাকবে।

২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে ‘দি গ্রেট ঢাকা সেল’ এবং ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে ঢাকাকে নিয়ে ভালোবাসার চিঠি আহ্বান করা হবে।

এছাড়া ২১ থেকে ২৮ আগস্ট শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নাট্যোৎসব এবং ২৩ থেকে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে ঢাকাকেন্দ্রিক পুরোনো নাটক ও বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

২৪ আগস্ট উত্তর ধানমণ্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ প্রদর্শনের আয়োজন থাকবে।

আগামী ২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ একটি ঐতিহ্যবাহী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

২৯ আগস্ট বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচির আওতায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা হবে।

৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, ‘ঢাকা আড্ডা’ এবং ঐতিহ্যবাহী কাওয়ালীসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। ১ সেপ্টেম্বর শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডার মাধ্যমে মাসব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।

এএইচ/এএম