Dhaka Mail Logo

জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, প্রধানমন্ত্রীর কর্মসূচি প্রচার এবং অপতথ্য মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নিজ দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান, অর্জন ও অগ্রাধিকারগুলো যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে উপস্থাপনের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

এসময় প্রধানমন্ত্রীর আসন্ন সফরের মিডিয়া ব্যবস্থাপনা, আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার কৌশল নিয়েও আলোচনা করেন তারা।

ড. আইরিন জুবাইদা খান বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও কার্যকরভাবে তুলে ধরার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। জবাবে তথ্যমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। এসব অপতথ্য মোকাবিলায় দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ, কার্যকর যোগাযোগ কৌশল গ্রহণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্যমন্ত্রী এ সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, অপপ্রচার মোকাবিলায় সরকার, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরতে হবে।

এম/এএম