Dhaka Mail Logo

জাতীয়

মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের প্রচারণা করায় রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকার মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। 

বুধবার (১২ আগস্ট) দুপুর ২ টায় ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আর এম শাখা) এবং (প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা) মিজ্ সাইফুন্নাহার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রবাসী কল্যাণ শাখা) মিজ্ রুনা আক্তার উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, মীনা বাজার সুপার শপে তামাকজাত দ্রব্যের প্রচারণা করা হচ্ছিল, যা তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ আইন (ধারা-৫) অনুসারে, তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচারণা নিষিদ্ধ। 

বর্তমানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালী করেছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক কোম্পানির আগ্রাসী বিজ্ঞাপন বন্ধে সংশোধিত আইনে সব ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধের ক্ষেত্রে আরো কঠোরতা আরোপ করা হয়েছে। 

উল্লেখ্য, একই সুপার শপে এর আগেও তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের কারণে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। এ সময় মীনা বাজার কর্তৃপক্ষকে একটি নোটিশ প্রদান করা হয় এবং ভবিষ্যতে পুনরায় আইন লঙ্ঘন করা হলে আরও কঠোর ব্যবস্থা ও জরিমানার পরিমাণ বৃদ্ধির বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠন ডাস (DAS), ডাব্লিউবিবি ট্রাস্ট (WBB Trust) এবং নাটাব (NATAB) সার্বিক সহযোগিতা প্রদান করে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও আইনবহির্ভূত বিপণন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

এমএইচএইচ/এমআইকে