নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন। সেদিন নির্বাচিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপ্রধান। তার আগে দলীয় এমপিদের সতর্ক করলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলের বিরুদ্ধে ভোট দিলেই এমপি পদ বাতিল হবে বলে জানালেন তিনি।
কিন্তু কী আছে সংবিধানের ৭০ অনুচ্ছেদে?
এই অনুচ্ছেদ বলছে, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে মনোনীত হয়ে নির্বাচিত কোনো ব্যক্তি যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে।
তবে ওই ব্যক্তি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য অযোগ্য হবেন না। অর্থাৎ, এমপি পদ বাতিল হওয়া ব্যক্তি পরবর্তী নির্বাচনে বরাবরের মতো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এক্ষেত্রে দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা অন্য যেকোনো দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে ৭০ অনুচ্ছেদে বোঝানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি সাংবাদিকদের জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। যেহেতু এটি সংশোধন হয়নি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এও জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হবে।
নুরুল ইসলাম মণি বলেন, ‘জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ নিয়ে চারটি ক্ষেত্রে ঐকমত্য রয়েছে এবং এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনও রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে।’
প্রসঙ্গত, আগামী ২০ রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে এরইমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত পর্যন্ত। সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দল বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রীতি ভেঙে প্রার্থী দিয়েছে বিরোধী দল জামায়াত জোটও। কর্নেল অলি আহমদকে তারা রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে।
এএইচ