নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৬, ০৬:০৩ পিএম
জাতীয় বৃক্ষ মেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সুন্দরী গাছ। এটি ব্র্যাক নার্সারির স্টলে প্রদর্শন করা হয়েছে। তবে বিক্রি করছে না তারা।
এমনকি গাছটির জন্য ৫ লাখ টাকা পর্যন্ত মূল্য প্রস্তাব এলেও ফিরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিক্রি না করার কারণ দাম কম হওয়া নয়।
ব্র্যাক নার্সারি জানায়, মেলার শুরু থেকেই গাছটি বিক্রির জন্য আনা হয়নি। শুধুমাত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বসেছে জাতীয় বৃক্ষমেলা। সবুজপ্রেমীদের জন্য এখানে মিলছে নানা জাতের ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধন গাছের চারা।
সরেজমিনে দেখা যায়, ব্র্যাক নার্সারির স্টলে রাখা গাছটির সামনে দর্শনার্থীদের ভিড়। অনেক দর্শনার্থী গাছটির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। অনেকেই গাছটির আকৃতি, বয়স ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে দাম জানতে চান।
স্টল কর্তৃপক্ষ জানায়, আগ্রহী কয়েকজন ক্রেতা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত মূল্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি।
স্টলের দায়িত্বশীলরা জানান, গাছটি মূলত প্রদর্শনের জন্য আনা হয়েছে। এটি বিক্রির উদ্দেশ্যে মেলায় তোলা হয়নি। দর্শনার্থীদের কাছে পরিণত ও নান্দনিকভাবে পরিচর্যা করা গাছের সম্ভাবনা তুলে ধরতেই এটি প্রদর্শন করা হচ্ছে।
তাদের ভাষ্য, একটি গাছ কেবল অর্থমূল্যে মূল্যায়ন করা যায় না। দীর্ঘ সময়ের পরিচর্যা, নান্দনিক গঠন এবং প্রদর্শনমূল্য বিবেচনায় এই সুন্দরী গাছটি তাদের সংগ্রহের বিশেষ অংশ। তাই বড় অঙ্কের প্রস্তাব এলেও সেটি বিক্রির কোনো পরিকল্পনা নেই।
এম/এএম