Dhaka Mail Logo

জাতীয়

প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা এবং সমাজ ও সরকারের প্রতিটি স্তরে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এক জেলা পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়িত ‘এক্সপ্যান্ডিং সিভিক স্পেস থ্রু অ্যাক্টিভ সিএসও পার্টিসিপেশন অ্যান্ড স্ট্রেনদেনড গভর্নেন্স সিস্টেম ইন বাংলাদেশ (ইসিএসএপি)’ প্রকল্পের শিখন, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এই সভার আয়োজন করা হয়। সিএসআইডি, আমডা বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে সভাটি পরিচালনা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের প্রশংসা করেন। তিনি কর্মএলাকায় প্রতিবন্ধীবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে প্রণীত সুনির্দিষ্ট সুপারিশসমূহ লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে উপস্থাপনের আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সব ধরনের সরকারি সেবা ও পাবলিক অবকাঠামোর প্রবেশগম্যতা নিশ্চিত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদার করা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ওপিডি) সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পরিকল্পনা ও বাজেটে প্রতিবন্ধিতা বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এনজিও বিষয়ক কর্মকর্তা মো. মাহবুব উল আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আকতার উন নেছা শিউলি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা তানমিন ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভীন এবং ধামরাই উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সারমিন সুলতানা।

সভার শুরুতে সিএসআইডি’র সহকারী পরিচালক মো. আকরাম হোসেন স্বাগত বক্তব্য দেন। পরে আমডা বাংলাদেশের পরিচালক উত্তম হাওলাদার এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ইনক্লুশন লিড তসলিম জাহান বীথি ইসিএসএপি প্রকল্পের বিগত দিনের কার্যক্রম, বাস্তবায়ন অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। সভাটি সঞ্চালনা করেন আমডা বাংলাদেশের সেল্ফ অ্যাডভোকেট লিড ও প্রোগ্রাম অফিসার আহমেদ ইবনে সালেহ।

উল্লেখ্য, ইসিএসএপি প্রকল্পের মাধ্যমে ঢাকা মহানগর ও সাভারের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা, নেতৃত্ব বিকাশ, সুশাসন ও সরকারি সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধিতে কমিউনিটি স্কোরকার্ড ও অ্যাডভোকেসিসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর, উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিইউ/এএম