সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব ও সক্ষমতায় অ্যাকসেস বাংলাদেশের উদ্যোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ এএম

শেয়ার করুন:

প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব ও সক্ষমতায় অ্যাকসেস বাংলাদেশের উদ্যোগ
সারাদেশে প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব সুদৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

সারাদেশে প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব সুদৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন চার দিনব্যাপী এক বিশেষ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। জাতীয় প্রতিবন্ধী নারী পরিষদের (এনসিডিডব্লিউ) নির্বাহী কমিটির সদস্যদের জন্য ‘কৌশলগত পরিকল্পনা, নেতৃত্ব উন্নয়ন, অ্যাডভোকেসি এবং তহবিল সংগ্রহের কৌশল’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এনসিডিডব্লিউ মূলত দেশের ১১১টি তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী নারী সংগঠনের একটি জাতীয় নেটওয়ার্ক।

ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড-এর যৌথ অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়নাধীন 'এক্সপ্যান্ডিং সিভিক স্পেস থ্রু অ্যাক্টিভ সিএসও পার্টিসিপেশন অ্যান্ড স্ট্রেন্থেনড গভর্নেন্স সিস্টেম ইন বাংলাদেশ (ইসিএসএপি)' প্রকল্পের অধীনে গত (৪ জুলাই ৮ জুলাই) চারদিনব্যাপি এ কর্মশালাটি ঢাকায় অনুষ্ঠিত হয়।

এতে দেশের ৮টি জেলা থেকে আগত ২৩ জন প্রতিবন্ধী নারী প্রতিনিধি অংশ নেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসন উন্নত করা এবং প্রতিবন্ধী নারীদের অধিকার আদায়ে কার্যকরভাবে কাজ করার জন্য ব্যবহারিক জ্ঞান ও কৌশল প্রদান করা, যা একই সঙ্গে তাদের সংগঠনের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করবে।

চার দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা অত্যন্ত সক্রিয়ভাবে বিভিন্ন ইন্টারেক্টিভ সেশনে অংশ নেন। এর মধ্যে ছিল- এনসিডিডব্লিউ-এর কৌশলগত পরিকল্পনা পর্যালোচনা ও আধুনিকীকরণ, নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, যোগাযোগ ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি (টিম বিল্ডিং), অ্যাডভোকেসি ও নীতি বিশ্লেষণ এবং সম্পদ সচলকরণ ও তহবিল সংগ্রহ।

কর্মশালার শেষ দিনে এনসিডিডব্লিউ-এর জন্য একটি তহবিল সংগ্রহের কর্মপরিকল্পনা এবং সংগঠনের ভবিষ্যৎ অগ্রাধিকারগুলো বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রূপরেখা (রোডম্যাপ) তৈরি করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন-অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, ক্রিশ্চিয়ান এইড-এর ইসিএসএপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোশফেকুর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াসউদ্দিন আহমেদ এবং জাতীয় প্রতিবন্ধী নারী পরিষদের সভাপতি নাসিমা আক্তার।

সমাপনী অধিবেশনে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মহুয়া পাল এবং সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ক্রিশ্চিয়ান এইড, মানুষের জন্য ফাউন্ডেশন এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বিশেষজ্ঞ প্রশিক্ষক মোশফেকুর রহমান, আলবার্ট মোল্লা, শেখ গিয়াসউদ্দিন আহমেদ, তাসলিমা জাহান এবং মো. উজ্জ্বল হোসেন।

কর্মশালায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, দক্ষ নেতৃত্বের মাধ্যমেই একটি শক্তিশালী সংগঠন গড়ে ওঠে। প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতায় বিনিয়োগ করার মাধ্যমে আমরা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব রাখার, নিজেদের অধিকারের পক্ষে কথা বলার এবং নিজ নিজ কমিউনিটিতে টেকসই পরিবর্তন আনার এক বিশাল সুযোগ তৈরি করে দিচ্ছি।

উদ্যোগটির প্রশংসা করে এনসিডিডব্লিউ-এর সভাপতি নাসিমা আক্তার বলেন, ‘এই কর্মশালা আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে এবং সংগঠনকে আরও কার্যকরভাবে পরিচালনা করার ব্যবহারিক কৌশল শিখিয়েছে। আমরা মাঠপর্যায়ে এই শিক্ষার সঠিক প্রয়োগ ঘটিয়ে দেশজুড়ে প্রতিবন্ধী নারীদের অধিকার ও নেতৃত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ইসিএসএপি প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, সুশাসন এবং গণতান্ত্রিক ও নাগরিক প্রক্রিয়ায় অর্থপূর্ণ অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোকে (ওপিডি) শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগটি বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিতামূলক এবং স্থিতিশীল সুশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর