নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের অফিসের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁনমিয়া হাউজিংয়ের ৪ নাম্বার রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, চাঁন মিয়া হাউজিং এলাকার বকুল মিয়ার বাসার সামনে সন্ধ্যার পর মাস্ক পরিহিত মোটরসাইকেল আরোহী ককটেল বিস্ফোরণ ঘটান।
আরও পড়ুন:
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
ঘটনাটি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে মাস্ক পড়ে মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত একটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
জানতে চাইলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো ফয়সাল জানান, সন্ধ্যার সময় আমাদের আমিরে মজলিস মামুনুল হকের অফিসের পাশে ও রহমানিয়া মাদরাসার পেছনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‘এই ঘটনায় আমাদের সঙ্গে থানা পুলিশ যোগাযোগ করেছে এবং আতঙ্কিত না হওয়ার জন্য জানিয়েছে।’
একেএস/এএম