নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
হজযাত্রীদের ব্যয় কমাতে চলতি বছর হজের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ পালনের সুযোগ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমানোর ফলে টিকিটের মূল্য এক লাখ ৩০ হাজার টাকায় নেমে এসেছে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রীদের ব্যয় আরও কমাতে সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান।
তিনি এজেন্সি মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়— এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশনপ্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতারা এবং বিপুলসংখ্যক হজ ও ওমরাহ প্রত্যাশী উপস্থিত ছিলেন।
এদিকে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এ দেশের বিভিন্ন হজ ও ওমরাহ এজেন্সির ১৫৪টি স্টল অংশ নিয়েছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হজ ও ওমরাহ প্যাকেজ সম্পর্কে তথ্য দিচ্ছে এবং বিশেষ মূল্যছাড়ে বুকিংয়ের সুযোগ দিচ্ছে।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশ এয়ার ট্রাভেলসের স্টাফ হেলাল উদ্দিন বলেন, মেলায় যারা হজ বা ওমরাহ বুকিং দেবেন, তাদের জন্য প্যাকেজভেদে বিশেষ ছাড় রাখা হয়েছে।
হাতিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মালিক কামরুল ইসলাম সাইদ আনসারী বলেন, এই আয়োজনের মাধ্যমে হজযাত্রীদের সঙ্গে এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। অনেকেই তৃতীয় পক্ষের মাধ্যমে হজ পালন করেন। তবে মেলায় সরাসরি এজেন্সির সঙ্গে কথা বলে নিজের প্রয়োজন অনুযায়ী প্যাকেজ নির্বাচন করা যাবে।
তিনি জানান, তাদের প্রতিষ্ঠানও বিভিন্ন হজ ও ওমরাহ প্যাকেজে বিশেষ ছাড় দিচ্ছে। তবে ছাড়ের নির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
এম/এফএ