নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে সরকার বৈদেশিক বৈচিত্র্যময় বিনিয়োগ আনতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বৈদেশিক বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি ও প্রক্রিয়াগত জটিলতা দূর করার ক্ষেত্রে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রচলিত বিনিয়োগ খাতের পাশাপাশি স্পোর্টস ডিপ্লোমেসি, ক্রিয়েটিভ ইকোনমি এবং কালচারের মতো নতুন সম্ভাবনাময় খাতে বৈদেশিক বিনিয়োগ আনার জোর তৎপরতা চালানো হচ্ছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে দেশের ব্যাংকিং সেক্টর ও ক্যাপিটাল মার্কেট (পুঁজিবাজার) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। ১৭ বছরের ধ্বংসাবস্থা থেকে অর্থনীতিকে তুলে এনে একটি গতিশীল অবস্থায় রূপান্তরের জন্য যে ধরনের নীতি গ্রহণ করা দরকার, সরকার এখন সেগুলাই গ্রহণ করছে।
অর্থনীতি পুনরুদ্ধারে দেশি-বিদেশি ইনভেস্টরদের সমস্যা সমাধানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশি প্রবাসী দেশে বিনিয়োগ করতে আগ্রহী। তবে তাদের বেশ কিছু প্রক্রিয়াগত জটিলতার মুখে পড়তে হয়। সরকার এসব সমস্যা নিরসনে কাজ করছে, যাতে সহজে ও দ্রুততম সময়ে দেশে বিনিয়োগ করা যায়।
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মতো প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে একসঙ্গে কাজ করছে।
বিনিয়োগের সম্ভাব্য ও অগ্রাধিকারমূলক খাতের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রে অফশোর জ্বালানি অনুসন্ধান, অফশোর গাস ও ব্লু-ইকোনমি সংশ্লিষ্ট খাতে দেশি-বিদেশি বড় বিনিয়োগ আনার সুযোগ তৈরি করা হচ্ছে। দেশের সম্ভাবনাময় খাতের মধ্যে টেক্সটাইল, তৈরি পোশাক (RMG), কৃষি ও জ্বালানি খাত রয়েছে। ক্রিয়েটিভ ইকোনমি, প্রান্তিক শিল্প, কৃষ্টি-কালচার এবং ক্রীড়া (স্পোর্টস) ক্ষেত্র রয়েছে।
তিনি আরও বলেন, স্পোর্টস ও কালচারের মতো জায়গায় অনেক বিনিয়োগের সুযোগ রয়েছে। তাই স্পোর্টস ডিপ্লোমেসিকে কাজে লাগিয়ে দেশে বৈদেশিক বিনিয়োগ ও নতুন বাজার তৈরি করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসএইচ/এফএ