বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে, এমন স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তবে সেই সময়টা হোক ১০ বছর কিংবা ২০ বছর পর। তবে তার স্বপ্ন, কোনো এক সময় বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা যেহেতু জিরো থেকে শুরু করেছি, আমাদের বাংলাদেশের এই ফুটবলপ্রেমী, ফুটবল পাগল এই দেশ, আশা করি কোনো না কোনো এক সময় অবশ্যই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে। সেই শুরুটা যেহেতু আমরা করতে পেরেছি, সেই শুরু থেকে আমি বলব হয়তো ১০ বছর কিংবা তার চেয়ে বেশি কিংবা ২০ বছর বা কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে— সেই স্বপ্নটা আমিও দেখি।
আমিনুল হক বলেন, আমি কোনো ডেট দিব না বা আমি বলব না যে ১০ বছর পরে বা ১২ বছর পরে। আমি যখন খেলোয়াড় ছিলাম তখন অনেক বিষয় নিয়ে কথা বলেছি, আমরাই বলেছি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের এই সুযোগ-সুবিধা দরকার।
বাংলাদেশ কবে বিশ্বকাপ ফুটবল খেলতে পারে এমন প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের ফুটবলের জন্য, অনেক বড় একটি উৎসাহের জায়গা, উদ্দীপনার জায়গা। বাংলাদেশের মানুষ, ফুটবলপ্রেমী মানুষ যেভাবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ভক্ত, আমার দেশ কবে খেলবে? আমরা বাংলাদেশকে কবে সাপোর্ট করব? আমিও আপনার সঙ্গে একমত, আমিও সেই স্বপ্ন দেখি, সেই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
এমআইকে/এফএ




