Dhaka Mail Logo

জাতীয়

নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংসদ এলাকায় কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৬, ০৩:১২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীজুড়ে নজরদারি বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় তৎপর রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার গেট, এমপি হোস্টেলসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এছাড়া জিয়া উদ্যানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

তবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলমান থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারি ও বিরোধী দলীয় নেতাকর্মীদেরও উপস্থিতি রয়েছে। 

726689032_2878652542476147_2771637626627704409_n

নেতাকর্মীরা মনে করেন, সংসদ ভবন এলাকায় এমনিতেই উচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকে। তাই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে আসবে না। কেউ আসার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তারা পরিস্থিতি মোকাবিলা করবেন।

এদিকে সংসদ ভবন ও আশপাশের এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। অনেকে আবার সংসদ ভবনের সামনে বকুলতলায় বসে বিশ্রামও নিচ্ছেন।

কুমিল্লা থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মী সংসদ অধিবেশন দেখতে এসেছেন। তাদের মধ্যে আফজাল বেপারীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘দেশের জনগণ আওয়ামী লীগকে আর চায় না। এখন প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তারা যদি সুন্দর পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে তা প্রতিহত করা হবে।’

729003858_1022817740200381_4584332916935771688_n

সংসদের দক্ষিণ প্লাজায় দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, স্বাভাবিক সময়েও সংসদ এলাকায় উচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকে। তবে আজ যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, তাই বাড়তি নজরদারি করা হচ্ছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে ২০২৫ সালের ১০ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের একটি অধ্যাদেশ জারি করে। এরপর ১২ মে সরকারি আদেশের মাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটি ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রাখে।

729185557_1488899749228094_3712594508311007788_n

এরপর চলতি বছরের ৮ এপ্রিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বিল (সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬) জাতীয় সংসদে পাস হয়।

এমএইচএইচ/এমআই