প্রতিষ্ঠাবার্ষিকীতে সুযোগ পেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোসলেহ উদ্দিন আহমদ।
পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে হোসাইনী দালান ইমামবাড়ায় পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ দলটির নেতারাকর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে, সেজন্য তিন দিনের বিশেষ নিরাপত্তা নিয়েছিল ডিএমপি। বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারকে বিপদে ফেলতে চায় তারা।
ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরের বছর ২০২৫ সালের ১১ মে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে।
নির্বাচনের বিএনপি জয়লাভের পরদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনসহ কিছু কার্যক্রমও চালাতে দেখা গিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের। দলটির নেতাকর্মীদের কেউ কেউ মনে করেছিলেন, বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ হয়তো কিছু কার্যক্রমের সুযোগ পাবে। কিন্তু নির্বাচনের পর তেমনটা ঘটেনি। বরং বিএনপি সরকারের সময়ে এসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল সংসদে পাস করে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই আছেন আত্মগোপনে। কেউ কেউ গ্রেফতার অবস্থায় কারাগারেও রয়েছে। এমন পরিস্থিতিতে আজ ২৩ জুন দেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
এই কর্মসূচিকে ঘিরে সামাজিক মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের অনেকটা সরব দেখা গেলেও প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মাঠে কাউকে পাওয়া যায়নি। সারাদেশে দলটির কিছু নেতাকর্মী পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
ডিএমপি কমিশনার বলেন, ইতোমধ্যে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধানমণ্ডি ৩২ ও গুলিস্তানসহ সারা ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ সুযোগ পেলে নাশকতার পরিকল্পনা ছিল। ককটেল ফুটিয়েছে তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।
এ সময় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তাজিয়া মিছিলে ধারালো বস্তু না আনার অনুরোধ করেন মোসলেহ উদ্দিন আহমদ। মিছিলের দিন কিছু রোড ডাইভারশনের কারণে এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।
এমআর




