নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ০৪:০৭ পিএম
অসচ্ছল, অসুস্থ ও অবসরপ্রাপ্ত ক্রীড়াসেবীদের সহায়তা এবং প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে ২০২৫-২৬ অর্থবছরে মোট ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা ক্রীড়া ভাতা, শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন।
সোমবার (১৫ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল হক। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, রাজস্ব বাজেট থেকে ১ হাজার ৭৯৭ জন ক্রীড়াসেবীকে ক্রীড়া ভাতা হিসেবে ৫ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া সিডমানির লভ্যাংশ থেকে অসচ্ছল ও অসুস্থ ৪২ জন ক্রীড়াসেবীকে চিকিৎসা ও আর্থিক সহায়তা বাবদ ৩২ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রতিভাবান ও উদীয়মান ১ হাজার ৪২৩ জন ক্রীড়া শিক্ষার্থীকে ক্রীড়া শিক্ষা বৃত্তি হিসেবে ২ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। উপকারভোগীদের ব্যাংক হিসাবে বিইএফটিএন (BEFTN) পদ্ধতিতে সরাসরি অর্থ পাঠানো হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রকৃত ও যোগ্য ক্রীড়াসেবীদের কাছে এই সহায়তা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। আগামী বছরগুলোতে এ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন ফেডারেশনের সহায়তায় অসচ্ছল সাবেক খেলোয়াড়দের একটি নির্ভুল তালিকা তৈরি করা হবে। তালিকাভুক্ত যোগ্য ক্রীড়াসেবীদের স্থায়ীভাবে ক্রীড়া ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ক্রীড়াসেবী ভাতা প্রদানের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি বিদ্যমান নীতিমালায় সময়োপযোগী পরিবর্তন এনে ফাউন্ডেশনের কল্যাণমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা হবে।
এমআর/এফএ