images

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

১২ জুন ২০২৬, ০৮:২০ পিএম

‎রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে জুলাই স্মৃতি জাদুঘরের গেইটে (গণভবন) এলাকায় এ ঘটনা ঘটে।

‎গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলো- মো. রাজু আহম্মেদ কালু ওরফে কালু ওরফে হৃদয় ও মো. রকি ওরফে শাকিল।

‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে জিয়া উদ্যান গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় জিয়া উদ্যানে কর্তব্যরত পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা ধাওয়া করে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পৌঁছালে, ছিনতাইকারীদের আটক করার সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসআই শামসুজ্জোহা সরকার এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় জড়িত দুই ছিনতাইকারীকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে।

‎আহত দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে ভর্তি রয়েছেন।

‎বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, রাজধানীর শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ এলাকায় ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া দেয় টহল পুলিশ। পরে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা করলে দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশ সদস্যরা আহত অবস্থায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

‎একেএস/এমআই