images

জাতীয়

‘১০৪ টিটিসিতে ১২ লাখ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ জুন ২০২৬, ০৫:১০ পিএম

দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ (টিটিসি) মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বছরে ১২ লাখের বেশি প্রশিক্ষণার্থীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় দিনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্য আনিছুর রহমান তার প্রশ্নে দেশে বৈদেশিক কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি তৈরির জন্য কতগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চালু রয়েছে এবং নতুন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে কিনা— তা জানতে চান।

জবাবে মন্ত্রী সংসদকে জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে বর্তমানে ১০৪টি টিটিসি এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি মিলিয়ে মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু রয়েছে।

তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড বা কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে মাদারীপুরের শিবচর উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে।

টিএই/এফএ