images

জাতীয়

লেখক মহিউদ্দিন আহমেদের ওপর হামলার গুজব

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন ২০২৬, ০১:৪৫ পিএম

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এমনকি নিজের ওপর হামলার কথিত ঘটনার বিষয়ে তিনি অন্যদের ফোনের মাধ্যমে জানতে পেরেছেন বলেও জানিয়েছেন।

রোববার (৭ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান মহিউদ্দিন আহমেদ।

পোস্টে লেখক মহিউদ্দিন আহমেদ লিখেন, কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোন করে তাকে জানান যে, ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়েছে বিএনপির লোকজন তার ওপর হামলা চালিয়েছে। পরে একজন শুভাকাঙ্ক্ষী সেই পোস্টটি তাকে পাঠালে তিনি তা পড়েন। পোস্টদাতাকে তিনি নিজের বন্ধু তালিকায় খুঁজে পাননি। তার ভাষ্য, বিরক্তিকর কথাবার্তার কারণে হয়তো আগে থেকেই তাকে ব্লক বা আনফ্রেন্ড করা হয়েছিল।

মহিউদ্দিন আহমেদ জানান, ঘটনার দিন সকালেও তিনি রবীন্দ্র সরোবরে হাঁটতে গিয়েছিলেন এবং ল্যাবরেটরি স্কুলের কয়েকজন ছোট ভাইয়ের সঙ্গে আড্ডা দিয়েছেন। বাসায় ফিরে তিনি হামলার গুজবের বিষয়টি জানতে পারেন। তার দাবি, পোস্টে যা লেখা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন।

আরও পড়ুন

তথ্যের প্রবাহ ঠিক না থাকলে গুজব ডালপালা মেলবে: হারুন জামিল

তিনি আরও বলেন, মন্তব্যের ঘর পর্যবেক্ষণ করে তার মনে হয়েছে, তার লেখা ও বক্তব্যে বিরক্ত হয়ে অনেকে অযৌক্তিক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। বিশেষ করে গত শুক্রবার প্রকাশিত তার একটি কলামকে কেন্দ্র করে অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মহিউদ্দিন আহমেদের ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য, শব্দচয়ন ও ভাষার ব্যবহার তাদের রুচি ও শিক্ষার পরিচয় বহন করে। বিষয়টি নিয়ে পরে আরও বিস্তারিতভাবে কথা বলারও ইঙ্গিত দেন তিনি।

এম/জেবি