সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

তথ্যের প্রবাহ ঠিক না থাকলে গুজব ডালপালা মেলবে: হারুন জামিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

Harun

সমাজে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না হলে গুজব ডালপালা মেলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি এবং ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।

তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে এবং অনেক ক্ষেত্রে এটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকেও ছাপিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় যাচাই-বাছাই ছাড়াই যেকোনো বিষয় প্রচার করার সুযোগ থাকায় সঠিক সংবাদ জানতে মানুষকে এখনো মূলধারার গণমাধ্যমের ওপরই নির্ভর করতে হয়। তথ্যের অবাধ প্রবাহ যত বাড়বে সমাজে গুজব তত কমবে।


বিজ্ঞাপন


সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ ও গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা উল্লেখ করে হারুন জামিল বলেন, ষাটের দশক থেকেই সংসদে সাংবাদিকদের জন্য পৃথক গ্যালারির ব্যবস্থা রাখা হয়েছে, যা সংসদীয় কার্যক্রমে সাংবাদিকদের গুরুত্বকেই প্রমাণ করে।

তিনি আরো বলেন, গত তিনটি সংসদে মূল বিরোধী দলের অনুপস্থিতির কারণে সংসদের প্রতি মানুষের আগ্রহের অভাব ছিল।

তিনি মনে করেন, বর্তমানে সাংবাদিকরা রাজনীতিবিদ ও জনগণের মধ্যে আস্থাহীনতা দূর করার একটি ‘সেতুবন্ধন’ হিসেবে কাজ করতে পারেন।


বিজ্ঞাপন


পেশাদারিত্বের বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের অবশ্যই নির্মোহ ও বস্তুনিষ্ঠ হতে হবে, কারণ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়। এ ছাড়া নতুন প্রজন্মের সাংবাদিক এবং সংসদ সদস্যদের মধ্যে সংসদীয় কার্যপ্রণালী বিধি সম্পর্কে পড়াশোনা ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত মিডিয়া সেন্টারটি দ্রুত পুনর্গঠনের দাবি জানান এবং সাংবাদিকদের তথ্য প্রাপ্তিতে আরো বেশি প্রবেশাধিকার বা ‘অ্যাক্সেস’ দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সাংবাদিকদের কাজ যত স্বচ্ছ হবে, সংসদের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ তত বাড়বে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিঞা প্রমুখ, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী খান প্রমুখ।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর