নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
ভারতে নয়াদিল্লির মালভিয়া নগরে অগ্নিকাণ্ডে আটজন বাংলাদেশি আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (৪ জুন) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, ভারতীয় কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকেরাও হতাহত হয়েছেন।
তথ্য অনুযায়ী, ভারতীয় নাগরিকদের মধ্যে ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এ ছাড়া, মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন। সব মিলিয়ে এ ঘটনায় মোট ২১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।
হাইকমিশন জানায়, ভারতীয় কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে আহত বাংলাদেশি ব্যক্তিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে। বাংলাদেশ হাইকমিশন সার্বক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার তদারকি করছে। হাসপাতাল কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্যের লক্ষ্যে তাদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের আহত ব্যক্তিদের সরাসরি সংস্পর্শ (Physical Contact) এড়িয়ে চলার পরামর্শ প্রদান করেছে। আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও ইনফেকশন প্রতিরোধের স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষের এই জরুরি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
হাইকমিশন আরও জানিয়েছে, হাইকমিশন এই সংকটের সময়ে ক্ষতিগ্রস্ত ও আহত বাংলাদেশি নাগরিকদের পাশে থাকতে এবং তাদের যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে নয়াদিল্লির মালভিয়া নগরে সংগঠিত মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকসহ সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে হাইকমিশন।
এসএইচ/এফএ