বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, বিদেশিসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে বিদেশিসহ নিহত ২১

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের বুধবার (৩ জুন) সকালে একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত অবস্থায় আরও অর্ধশত লোককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাইকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলা ভবনজুড়ে। খবর এনডিটিভির। 


বিজ্ঞাপন


ঘটনাস্থলে একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। উদ্ধার কাজে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট অংশ নেয়।

delhi

প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে ২৫টি কামরায় অর্ধশতাধিক লোক অবস্থান করছিলেন। হোটেলটির অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।

আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন—এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

হোটেলের নিচতলায় একটি রেস্তোরাঁও ছিল। সেখানে কর্মরত শেফ কেসর সিং জানান, সকাল প্রায় ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আগুনে গ্রাস করে নেয়।

তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সহকর্মীদের সতর্ক করি যে হোটেলে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে দেখি পুরো ভবনই আগুনে জ্বলছে। কোনোমতে আমি প্রাণে বাঁচতে সক্ষম হই।

আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর