নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৬, ০৯:৫৯ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজির বিরুদ্ধে থানার সামনেই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। ছিনতাইকারী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ মানববনন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।
সোমবার (১ জুন) সন্ধ্যায় ‘মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্স’ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে স্থানীয় সংগঠক পারভেজ হাসান সুমন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরাপত্তা নিশ্চিত হবে বলে বাসিন্দারা আশা করেছিলেন। কিন্তু বাস্তবে এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা ধরনের অপরাধমূলক তৎপরতা অব্যাহত রয়েছে।
সুমন অভিযোগ করেন, গতকাল রোববার রাতে নূরজাহান রোড এলাকায় ঈদের ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসা দুই বোনের ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাদের মালামাল ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ছাড়াও, ঈদের আগে একটি কুরিয়ার প্রতিষ্ঠানের গাড়ি থেকে মোবাইল ফোনসহ প্রায় ৯৫ হাজার টাকার মালামাল লুটের ঘটনাও ঘটে। চাঁন মিয়া হাউজিং এ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর আইফোন, নবীনগরে বিকাশের দোকান থেকে আড়াই লাখ টাকা ছিনতাই, জুলাই জাদুঘরের ফটোগ্রাফারের ক্যামেরা, ম্যাকবুকসহ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া সম্পদ উদ্ধারে কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি।
পারভেজ হাসান সুমন বলেন, মোহাম্মদপুরের বাসিন্দা, ভাড়াটিয়া ও শিক্ষার্থীরা বর্তমানে আতঙ্কের মধ্যে বসবাস করছেন। আমরা চাই সরকার ও পুলিশ প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুক।
মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্সের সদস্য ইলিয়াস জামান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সহিংসতা, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। পরিবর্তনের প্রত্যাশায় জনগণ নতুন বাস্তবতায় প্রবেশ করলেও অনেক ক্ষেত্রে সেই প্রত্যাশা পূরণ হয়নি। মোহাম্মদপুরে সন্ত্রাস ও অপরাধের ঘটনা বিচ্ছিন্ন নয়। প্রায়ই অপরাধ সংঘটিত হয়, কিছুদিন তৎপরতা দেখা যায়, এরপর ঘটনাগুলো হারিয়ে যায়। অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা দুর্বল থাকলেই এ ধরনের ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়।
তিনি আরও বলেন, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। মোহাম্মদপুরে চলমান অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এলাকাকে নিরাপদ আবাসস্থলে পরিণত করার দাবি জানাই।
মানববন্ধনে বক্তারা মোহাম্মদপুরে ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান পরিচালনা, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দাবি আদায়ে ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
একেএস/এফএ