images

জাতীয়

ঈদের চতুর্থ দিনে সাদামাটা হাতিরঝিল

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ মে ২০২৬, ০৮:১৭ পিএম

ঈদুল আজহার চতুর্থ দিনে তেমন ভিড় নেই রাজধানীর হাতিরঝিলে। তবে কিছু মোড়ে এবং ব্রিজের ওপর লোকজনকে ঘুরতে দেখা গেছে। আবার কেউ কেউ স্বজনদের নিয়ে হাঁটতে বের হয়েছেন। অনেকে ওয়াটার ট্যাক্সিতে হাতিরঝিলের লেক ভ্রমণ উপভোগ করছেন।

সোমবার (৩১ মে) বিকেলে হাতিরঝিল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

রামপুরা থেকে এফডিসি এলাকার দিকে ওয়াটার ট্যাক্সিতে ঘুরতে এসেছেন সুমি ও শফিকুল। তারা নববিবাহিত। শফিকুল বলেন, স্ত্রীকে ঈদের দিন থেকে বিভিন্ন বিনোদন স্পটে নিয়ে ঘুরছি। তারই অংশ হিসেবে আজ এখানে আসলাম।

এ অংশের ট্যাক্সির টিকেট কাউন্টারে ভিড় নেই। তবে থেমে নেই ট্যাক্সিগুলো। পুলিশ প্লাজা ও গুদারাঘাট থেকে সমানে আসছে আর যাচ্ছে। তবে যাত্রী কম থাকায় সময় নিয়ে ছাড়ছে। 

আজ আসার আগে তিনি ভেবেছিলেন অনেক ভিড় হবে। কিন্তু হাতিরঝিলের আজকের চিত্র দেখে তিনি  নিজেও অবাক। শফিকুল বলেন, ঈদের সময় এমন হবে কল্পনারও বাইরে ছিল। এমন যদি প্রতি ঈদের পর থাকতো!

উত্তরার দিয়াবাড়ী থেকে মামার সঙ্গে এসেছেন ভাগ্নী সাইফা। তার মামা বলছিলেন, ভাগ্নী গ্রাম থেকে আসছে। তাই দেখাতে নিয়ে আসলাম। আমি এর আগে আসছিলাম। কিন্তু সে প্রথম আসলো। আজ এসে খুব ভালো লাগলো। কোনো ভিড় নাই। আরামে ঘুরছি। 

মগবাজার থেকে বিকেলে হাঁটতে ও বাতাস খাওয়ার জন্য এসেছেন দুই বন্ধু শিহাব ও সামিন। তারা একটি গাছের তলায় বসে কথা বলছেন।

Hatirjhil1

তারা বলেন, আজ তারা হাতিরঝিলের যে চিত্র দেখছেন তা গত ঈদে ছিল না। এর নেপথ্যের কারণ হিসেবে তারা মনে করছেন, ঈদে গ্রামে যাওয়া লোকজন এখনো ঢাকায় ফেরেনি। তবে হাতিরঝিলের পানির গন্ধকেও তারা আরেকটি কারণ মনে করেন।

তাদের কথার কিছু আভাস মিললো হাতিরঝিলের চারদিকে ঘুরে। যে অংশের পাড়ে পানির গন্ধ কম সেখানে লোক সমাগম দেখা গেল। কিন্তু গন্ধ ছড়ানোর এলাকায় তেমন লোক নেই। 

হাতিরঝিলে আসা লোকজনেরা জানিয়েছেন, আগে হাতিরঝিলের নান্দনিক ব্রিজের ডিজাইন ও এলাকাটি কেমন অনেকে দেখতে আসতো এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতো। কিন্তু পানির গন্ধের কারণে হাতিরঝিলে দর্শনার্থীর সংখ্যা কমছে বলে মনে করেন তারা।

আজ দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিরঝিলে তেমন কোনো লোকজন নেই। হাতেগোনা লোকজন আড্ডা দিচ্ছে। কেউ পাড়ের গাছের ডালে, কেউ সান বাধানো পাড়ে বসে আছেন। তবে আজ হাতিরঝিলের চিরচেনা পয়েন্টগুলোতে তেমন দর্শনার্থী নেই। রাস্তাগুলোতে গাড়ি চললেও সংখ্যা কম। হাতিরঝিলের দুই পাড়কে সংযুক্তকারী ব্রিজগুলোতে অন্য সময়ে ভাসমান দোকান এবং ব্যাপক লোকজনের উপস্থিতি লক্ষ করা যায়। কিন্তু আজকের চিত্র ভিন্ন।

হাতিরঝিলের রাস্তাগুলোতে গাড়ির সংখ্যা কম থাকায় আজ খুব সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অল্প সময়ের মধ্যে যাওয়া আসা করা যাচ্ছে। হাতিরঝিল জুড়ে চক্রাকার বাসগুলো এফডিসি অংশের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। যাত্রীর তেমন ভিড় নেই। একটি যাত্রা শুরু করলে আরেকটি কিছু যাত্রী তুলে বাস পূর্ণ করতে অপেক্ষা করছে। অনেকে ওয়াটার ট্যাক্সির পাশাপাশি চক্রাকার বাসে ঘুরে দেখেছেন হাতিরঝিল।

এমআইকে/এফএ