images

জাতীয়

নিউমার্কেটে খুলছে দোকান, নেই ক্রেতা

নিজস্ব প্রতিবেদক

৩০ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন স্বল্প পরিসরে খোলা শুরু করেছে রাজধানীর নিউমার্কেট এলাকার দোকানপাট। দোকানগুলোতে বিক্রেতা থাকলেও নেই ক্রেতা। শনিবার (৩০ মে) দুপুরে নিউমার্কেটে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা মার্কেট, নুর জাহান মার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক শপিং কমপ্লেক্স, বইবিতান, ঢাকা নিউ সুপার মার্কেটসহ অন্যান্য মার্কেটে দোকান খুলেছে। 

ঈদের তৃতীয় দিনে অল্প কিছু দোকান খুললেও নেই ক্রেতা। ফুটপাতেও খুলেছে দোকান। অধিকাংশ দোকানিরা অলস সময় পার করছেন। আবার কিছুক্ষণ পর দুই-একজন ক্রেতার দেখা মেলে। নিউমার্কেট এলাকায় নেই আগের চিরচেনা ভিড়।

বিক্রেতারা বলছেন, বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে ঈদ উদযাপন করতে গ্রামে চলে গেছে। দুই-একদিন পর থেকেই ঢাকায় ফেরা শুরু করবেন গ্রামে যাওয়া মানুষ। পরে আগের রূপ ফিরে যাবে ঢাকা, তখন নিউমার্কেটের কেনাকাটা জমে উঠবে।

নিউমার্কেটের ব্যবসায়ী নজরুল ইসলাম। তার রয়েছে দুটি দোকান; একটি জুতার দোকান আর অপরটি পোশাকের দোকান। দুইটি দোকান আজ খুলেছেন তিনি। 

জানতে চাইলে নজরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘আমি সবসময়ই ঢাকাতে থাকে। ঈদও ঢাকায় করা হয়। দোকানের প্রায় কর্মচারীকে ছুটি দেওয়া ঈদে। দুই বা একজনকে রাখা হয়। আজকে দোকান খুলেছি। ক্রেতা তেমন একটা নেই।’

তিনি বলেন, ‘দোকান খোলার পর থেকে অলস সময় পার করতে হচ্ছে। ক্রেতা আসে খুবই কম। কয়েকদিন বেচাকেনা কম হবে। মানুষ ঢাকায় ফেরার অপেক্ষায় আছি।’

আরও পড়ুন: জিয়াউর রহমানের ৭১’র ভাষণ স্মরণ করল ভারতীয় দূতাবাস

নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ী মাহফুজুর রহমান ঢাকা মেইলকে বলেন, দোকান খুলেছি। ক্রেতা পাচ্ছি না, অন্যান্য দোকানেও ক্রেতা নেই। আসলেও দুই-একজন ক্রেতা আসে। দোকান খোলা লাগবে, এজন্য খুললাম।

কাপড় ব্যবসায়ী কাজী শরীফ মাহমুদ বলেন, ঈদের আগে অনেক বেচাকেনা করেছি। দুইদিন পর দোকান খুললাম। বসে থাকতে আর ভালো লাগে না। এখনও ঈদের আমেজ কাটেনি। ঈদের আমেজ কাটার পর আবার আগের মতো বিক্রি শুরু হবে। সকাল থেকে অল্প কয়েকজন ক্রেতা এসেছে।

তিনি আরও বলেন, ঢাকার বাইরে যাওয়া ক্রেতা এবং শ্রমজীবী মানুষরা এখনো ঢাকায় পুরোপুরি না ফেরায় মার্কেট ও ফুটপাতে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে না। এ ছাড়া শহরের রাস্তাঘাটেও যানবাহনের চাপ কম। হয়ত আরও কয়েকদিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সরকার। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের কারণে ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) সরকারি দফতর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসএইচ/এআরএম