images

জাতীয়

ফিরতি হজ যাত্রীদের অভ্যর্থনা জানালো বিমান 

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মে ২০২৬, ০১:৩৬ পিএম

প্রথম ফিরতি হজ ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় তাদের হাতে ফুল ও পবিত্র জমজমের পানি তুলে দেওয়া হয়। 

হজ যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি ৩৩৬ জেদ্দা থেকে ঢাকায় আজ সকাল ১০.৩৫ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

এ ফ্লাইটে আগত হজ যাত্রীদের বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। একইসঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজ যাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত পরিচালিতব্য পোস্ট-হজ কার্যক্রমে মোট ১০৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে তার পেশাদারিত্ব ও সেবার অঙ্গীকার অব্যাহত রেখেছে।

সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য হজ যাত্রীদের বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানানো যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ, বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক গ্রাহক সেবা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইকে/এআরএম