নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৬, ০১:০০ পিএম
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুমে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আলামত সংগ্রহ করছে পুলিশ। মর্মান্তিক ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রাখায় সাফোকেশনে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাসপাতালটির মানবসম্পদ ও গণসংযোগ বিভাগের পরিচালকের দাবি, এক মায়ের অনুরোধে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখার পর অস্বাভাবিক পরিস্থিতিতে সাফোকেশনে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। এসি বন্ধ রাখায় ছয় ওই নবজাতকরা অসুস্থ হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশও। ঘটনার প্রকৃত কারণ জানতে সিআইডির ক্রাইম টিম তদন্ত করছে এবং আলামত সংগ্রহ করছে।
বুধবার (২৮ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন গিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ৬ নবজাতকসহ ১১ জন মা পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিল। ঠান্ডা অনুভূত হওয়ায় এসি বন্ধ রাখতে অনুরোধ করেন এক মা। নার্স এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখে।
তিনি আরো বলেন, গরম লাগলে এসি চালু করতে বললে দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার নবজাতকও অসুস্থ হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়।
ডিএমপি কমিশনার বলেন, এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
মগবাজার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মানবসম্পদ ও গণসংযোগ বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতেও একই তথ্য জানানো হয়। বিবৃতিতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করা হয়।
সেখানে বলা হয়, রাত দুইটার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো চালু থাকলেও একাধিক নবজাতক শিশুর মায়েরা সেগুলো বন্ধ করার জন্য বলেন। একপর্যায়ে কর্তব্যরত নার্সরা সেগুলো বন্ধ করে দেন।
রাত তিনটার দিকে আবার এসি চালু করা হয়। এরপর রাত চারটার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না করতে থাকলে দ্রুত নবজাতক শিশুর পরিচর্যা কেন্দ্র এনআইসিইউ’তে নিয়ে যাওয়া হয়। পর্যায়ক্রমে অন্য পাঁচ নবজাতককেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউ’তে নিয়ে যাওয়া হয়।
সকাল ৬টার সময় প্রথম নবজাতক মারা যায়। এরপর সকাল নয়টার মধ্যে অন্য পাঁচ নবজাতক মারা যায়। এই ওয়ার্ডে সদ্য ডেলিভারি হওয়া মায়েরা বাচ্চাসহ অবস্থান করেন এবং রাতের বেলা ৩ জন নার্স দায়িত্বরত অবস্থায় ছিলেন বলে বিবৃতিতে বলা হয়।
এমআর