জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
ঢাকার মিরপুরের দিয়াবাড়ীতে মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালিয়ে সেই হাট সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিমিয়া বিভাগ৷
ডিএমপি থেকে জানানো হয়েছে, রাজধানীর উত্তরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ি পশুর হাট ব্যাপকভাবে জমে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের ব্যাপক আকর্ষণ করছে।
তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় যানজটের সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপি উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পরবর্তীতে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে।
এমআইকে/এআরএম