রাজধানীর অদূরে কেরানীগঞ্জের মধু সিটির পাশে বসা মিলেনিয়াম সিটি পশুর হাটে গরুবাহী ট্রাক ও পিকআপ জোর করে নেওয়ার অভিযোগ উঠেছে। হাটের কর্মীরা ট্রাক থামিয়ে প্রথমে অনুরোধ করছেন। তাতে কাজ না হলে বেপারীরা ট্রিপল নাইনে কল করছেন। পরে পুলিশের হস্তক্ষেপে অনেক ক্ষেত্রে যানবাহন ছাড়িয়ে নেওয়া সম্ভব হচ্ছে। তবে হাটের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগও পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সরেজমিনে গিয়ে এসব ঘটনার সত্যতা পাওয়া যায়।
বিজ্ঞাপন
বিকেল সাড়ে চারটার দিকে আরশিনগর মোড় হয়ে ইউটার্ন নিয়ে একটি গরুবাহী ট্রাক বসিলা ব্রিজের দিকে যেতে চেষ্টা করে। এ সময় হাটের কয়েকজন কর্মী ট্রাকটি থামিয়ে দেন। প্রায় ১০ মিনিট সেটি দাঁড় করিয়ে রাখা হয় এবং মিলেনিয়াম সিটি হাটে নেওয়ার কথা বলা হয়। তবে ট্রাকে থাকা লোকজন জানান, তারা গাবতলী হাটে যাবেন। কেন জোর করে অন্য হাটে নেওয়া হচ্ছে—এ নিয়ে প্রশ্ন তোলেন তারা।

একপর্যায়ে তারা ট্রিপল নাইনে কল করেন। সেখান থেকে বিষয়টি কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে তা আটিবাজার পুলিশ ফাঁড়িতে জানানো হয়। পরে ফাঁড়ি থেকে যোগাযোগ করে ট্রাকটি ছেড়ে দিতে বলা হয়। তবে এরপরও কিছু সময় যানবাহনটি আটকে রাখা হয়।
এ সময় ট্রাকের ওপরে থাকা এক যুবকের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তিনি নিজেকে জিয়াউর রহমান পরিচয় দিয়ে জানান, তারা টাঙ্গাইলের নাগরপুর থেকে গরু নিয়ে গাবতলী হাটে যাচ্ছিলেন। তার দাবি, নাগরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দেওয়ার পরও ট্রাক ছাড়তে বিলম্ব করা হয়।
বিজ্ঞাপন
এ সময় হাটকর্মী কামাল নামের একজন এসে ভিডিও ও ছবি তোলার বিষয়ে আপত্তি জানান। পরে সাংবাদিক পরিচয় জানার পর তিনি কিছুটা নরম হন। প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে অনেক ছেলেপেলে কাজ করে, তাদের কিছু টাকা দিতে হয়। পাশ দিয়ে যাওয়া ট্রাক একটু দাঁড় করানো হয়।
একইভাবে মানিকগঞ্জ থেকে গরুবাহী একটি পিকআপ নিয়ে আসার সময় আরশিনগর মোড়ে বাধার মুখে পড়েন ইয়ামিন। তিনি বলেন, গাবতলী হাটে যাওয়ার চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত অনুরোধ করে ঘুরে যেতে হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, বসিলা ব্রিজ হয়ে হাজারীবাগ ও গাবতলীর দিকে যাওয়া পশুবাহী ট্রাক ও পিকআপও জোর করে মিলেনিয়াম সিটি হাটে নেওয়া হচ্ছে। এতে একাধিকবার কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা। সোমবার দুপুরেও এমন একটি ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, তারা হযরতপুর এলাকা থেকে গাবতলী হাটের উদ্দেশে গরু নিয়ে যাচ্ছিলেন। বসিলা ব্রিজ এলাকায় পৌঁছালে একদল যুবক তাদের পথ আটকে হাটে যেতে বাধ্য করে।
গরু বেপারী সোলায়মান বলেন, আমরা গরু নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন এসে বলে হাসিল দেখাতে হবে। আমরা বলি গাবতলী হাটে যাচ্ছি। তখন তারা মিলেনিয়াম সিটি হাটে নিতে বলে। একপর্যায়ে তর্কাতর্কি ও পরে মারধরের ঘটনা ঘটে। বাধ্য হয়ে হাটে যেতে হয়েছে।
তিনি আরও বলেন, কোন বেপারী কোন হাটে যাবে তা তার ইচ্ছা। সরকার আগেই নির্ধারণ করে দিয়েছে। এরপরও জোর করে ট্রাক নেওয়া অন্যায়।

মঙ্গলবার বিকেলে দেখা যায়, আরশিনগর মোড় থেকে বসিলা ব্রিজ পর্যন্ত কয়েকটি স্থানে হাটের কর্মীরা কলাপাতা রঙের পোশাক পরে অবস্থান করছেন। তারা গরুবাহী ট্রাক বা পিকআপ দেখলেই থামাচ্ছেন এবং কোন হাটে যাচ্ছে তা জানতে চাইছেন। অন্য হাটে যাওয়ার কথা বললে অনেককে ঘুরিয়ে মিলেনিয়াম সিটি হাটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
কয়েকজন কর্মী জানান, তাদের নির্দেশ রয়েছে যেন কোন ট্রাক অন্য হাটে যেতে না পারে। এর বিনিময়ে বকশিশের ব্যবস্থাও রয়েছে বলে তারা জানান।
এ বিষয়ে হাটটির ইজারাদার সাইদুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আহমেদ বলেন, বিষয়টি শুনেছি। তবে নিরাপত্তার দায়িত্ব আমাদের। হাট বরাদ্দ দেয় উপজেলা প্রশাসন। ইউএনও সহযোগিতা চাইলে আমরা ব্যবস্থা নেব।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুককে ফোন করা হলে তিনি বলেন, ‘আমরা এখনই জানলাম। আমি সেখানে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত পাঠাচ্ছি। এমন ঘটনা ঘটে থাকলে এখনই ব্যবস্থা নিচ্ছি।
এমআইকে/এআর




