images

জাতীয়

জাতীয় ঈদগাহে জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মে ২০২৬, ১২:১৩ পিএম

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহার প্রধান জামাতে রাষ্ট্র ও প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণ করবেন।

সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।’

‎তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।’

‎আবদুস সালাম বলেন, ‘পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ, অযুখানা এবং নামাজের জায়গার ব্যবস্থা থাকবে। এছাড়া মুসল্লিদের প্রবেশের জন্য মোট চারটি ও বের হওয়ার জন্য মোট সাতটি গেটের ব্যবস্থা রাখা হয়েছে।

‎‎তিনি বলেন, ‘নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান ও আলোকসজ্জা, থাকছে অজুখানা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। এছাড়া, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা সেবা এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা।’

‎ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ‘নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে। আমি নগরবাসীকে আহ্বান জানাই, আসুন আমরা সুশৃঙ্খলভাবে জাতীয় ঈদগাহে ঈদুল আজাহার প্রধান জামাতে অংশগ্রহণ করি।’

এর আগে রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

পাশাপাশি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা এবং ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।

এএম/এএইচ