নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৬, ০৯:২১ পিএম
রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে মিরপুরের বাসিন্দারা। এ সময় পুরো মিরপুর এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। হত্যাকারীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। মিরপুরের কালশী ও মিরপুর-১০ মোড়ে অবস্থান নিয়েছে তারা।
আন্দোলনকারীরা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা মেনে নেওয়া হবে না। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই রায় কার্যকর করার দাবি জানান। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা মিরপুরের বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছে। সড়ক ছেড়ে যাওয়ার জন্য আমরা তাদের সঙ্গে কয়েক দফায় কথা বলেছি। আশা করছি খুব শিগগির আমরা তাদেরকে সড়ক থেকে সরাতে পারবো।
এর আগে শিশু রামিসাকে ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একেএস/ক.ম