images

জাতীয়

বীরনিবাস প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি বরদাশত করবে না সরকার

নিজস্ব প্রতিবেদক

০৫ মে ২০২৬, ০১:২৫ পিএম

‘বীরনিবাস’ প্রকল্পে অতীতে সংঘটিত দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

মঙ্গলবার (৫ মে) রাজধানীর উসমানী স্মৃতি মিলন আয়জনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বীরনিবাস’ প্রকল্পের অনিয়মের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও কার্যকর করতে মাঠপর্যায়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।’

তিনি জানান, ডিসিদের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, তাদের সম্মান নিশ্চিত করা এবং ‘বীরনিবাস’ প্রকল্প বাস্তবায়ন উল্লেখযোগ্য। এসব সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে।’

প্রতিমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ৩০ হাজার ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৮০৬টি ঘরের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি ঘরগুলো নির্মাণাধীন রয়েছে।

তিনি বলেন, ‘প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’

এমআর/এমআই