নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৬, ০৫:০৬ পিএম
চলতি বছর হজ কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন ৪০,৫৯০ বাংলাদেশি হজযাত্রী। ১০১টি হজ ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা। শুক্রবার (১ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টা পর্যন্ত ১০১টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন চিকিৎসাসেবা পেয়েছেন।
পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।
মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন; সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
বাকি ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলেও তিনি জানান।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এআরএম